বারি
বানান বিশ্লেষণ: ব্+আ+র্+ই
উচ্চারণ: bari (বারি)
শব্দ উৎস: সংস্কৃত √বারি (वारि)+ই [ইঞ্]>বাংলা বারি
পদ: বিশেষ্য
অর্থ:
১. জল, পানি
ও বন্ধু দেও দরশন...
দুই নয়নে বহে বারি, নিশাতে শয়ন করিও [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩০]
যাহারে দেখতে নারি তারেই আমি চাই গো...
নয়নে বারি তবু-কী যেন কী নাই গো [অতুলপ্রসাদ সেন] [তথ্য]
[অতুলপ্রসাদ সমগ্র, সুনীলময় ঘোষ, সাহিত্যম্। গান-১৪০]
ভজ রে প্রভু দেব দেব, সরব-হিতকারী রে...
হেরিলে পুলকে পূরয়ে কায়, উথলে প্রেমবারি রে [কালীপ্রসন্ন বিদ্যারত্ন] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, সাধারণ ব্রাহ্মসমাজ। গান-৯]
জাগো সকল অমৃতের অধিকারী...
পাইবে শান্তির বারি [দ্বিজেন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, সাধারণ ব্রাহ্মসমাজ। গান-৮]
[গীতি-চর্চ্চা, পৌষ ১৩৩২, বিশ্বভারতী, গান-১৫৭]
আশার সাগরতীরে দিন যায়...
একবিন্দু কৃপাবারি জোড়করে ভিক্ষা করি। [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২১৭]
গিরিধারী নাগর ওরে বংশীধারী...
সই লো নয়নে বয় বারি রে [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২২২]
দেখিলে তোমার সেই অতুল প্রেম-আননে...
উথলে হৃদয়, নয়নবারি রাখে কে নিবারিয়ে। [গণেন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, সাধারণ ব্রাহ্মসমাজ। গান-১৯]
আঁধারে আমি তোমায় খুঁজে...
নয়নে বারি ছলকে [গৌরীপ্রসন্ন মজুমদার] [তথ্য]
[আধুনিক গান: গৌরীপ্রসন্ন মজুমদার, সমরেন্দ্র ঘোষাল সংকলিত, অরিত্র। গান-১১৫]
কারবালাতে ইমাম হোসেন ,কাসেম দিলেন প্রাণ...
আইস লয়ে মদিনার বারি [গুরুসদয় দত্ত] [তথ্য]
[ব্রতচারী প্রবেশ, গুরুসদয় দত্ত, ওয়াহিদুল হক সম্পাদিত বাংলাদেশ সংস্করণ, ব্রতচারী সমিতি বাংলাদেশ। পৃষ্ঠা-৪৩]
আমি সকলি দিনু তোমারে, মম নাথ হে...
তাহে সিঞ্চিয়া তব পুণ্য বারি, রাখিয়ো [ইন্দিরাদেবী চৌধুরাণী] [তথ্য]
[শতগান, ১৪১৮ বঙ্গাব্দে সরলাদেবী-কৃত স্বরলিপিসহ মুদ্রিত সুবর্ণ সংস্করণ। গান-৯৭]
আমার দিন কি গোসাঁই এমনি যাবে...
কৃপা বারি ছিটাইয়া, মধুর নামের বীজ লাগাইয়া [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১১৫]
তৃষিত হৃদয়ে নাথ বিতর প্রেম-বারি [কাশীচন্দ্র ঘোষাল] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, পৌষ ১৪১৭, সাধারণ ব্রাহ্মসমাজ। গান-১৩]
আমার ভেবে চিন্তে গেল দিন রজনী...
বারি বিন্দু না দিলে আপনি [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-২৪৩]
আগে পাত্র যোগ্য না করে যেজন সাধন করে...
যেমন দুগ্ধেতে কলস ভরি লয়ে রাখে গঙ্গাবারি সে ক্ষুদ্র অপরাধী [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৩০৭]
আমার দুই নয়নে ঝরে গো বারি [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৩১০]
কালী হলি মা রাসবিহারী...
এবে প্রিয় তব যমুনাবারি [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-১৫৭]
কেন বঞ্চিত হব চরণে...
তুমি এনে দাও তারে প্রেম- অমৃত, তৃষিত যে চাহে বারি [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু সম্পাদিত, সাহিত্যম্, কলকাতা। গান-১০৪]
বরিষ ধরা-মাঝে শান্তির বারি [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, বিশ্বভারতী, কার্তিক ১৪১২। গান-১২৬]
২. লাঠি দ্বারা আঘাত করা
মোদের দুঃখের কথা কাহারে জানাই...
আমারি সব ধান চাউল নিল মাথায় বারি দিয়া [নিবারণ পণ্ডিত] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স। গান-১০]
৩. আল্লাহ
ছমিউন বছির নাম, লতিফুল খাবীর...
পানা দেও বারি তায়ালা, উম্মত সবাইর [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৮৬]
সমার্থক শব্দাবলীঃ পানি, সলিল, অশ্রু, লাঠি দ্বারা আঘাত করা
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৮৬০