চন্দ্র
বানান বিশ্লেষণ: চ্+অ+ন্+দ্+র্+অ
উচ্চারণ: chond.ro (চন্দ্.রো)
শব্দ উৎস: সংস্কৃত √চন্দ্+র (রক্)>বাংলা চন্দ্র
পদ: বিশেষ্য
অর্থ:
১. দেহের অভ্যান্তরীন আধ্যাত্মিক শক্তিবিশেষ
খুঁজলে না মন অমূল্য ধন, খুঁজলে পাবে দরশন...
মন রে চন্দ্র ধরা পড়ে, সদায় রাখিও নিরীক্ষণ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৯]

দয়াল নবীজি, চন্দ্র খণ্ড ইশারাতে...
দয়াল নবীজি, পুরুষ বলে শরার খবর চন্দ্র নাম যার [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৪৬]

শ্রীরূ্প আশ্রিত ধারা জিন্দামরা সহজে...
করে সাড়ে চব্বিশ চন্দ্রসাধন অঙ্গে ধারণ করে বাণে পঞ্চগুণ । [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২৮৯]

আগে গুরুরতি করো সাধনা...
আদিচন্দ্র রাখো কষে কখনো তারে ছেড়োনা ।। [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৩০৫]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-২৪]

যে নিশা লেগেছে আমার, নিশা যেন না ছুটে...
হলে নেশায় ভোর ভোর, অন্ধকারে চন্দ্র ফোটে [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২৬৬]

যদি দেখবে সে উজানি কল...
সেই চন্দ্রের ভেদ পাইলো যে গায় পাবে তার অতি বল [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৪২]

মন যদি মোর ভিয়ান করিস...
ভ্রুমধ্যে দ্বিদল-চক্রে চন্দ্রবীজের সুধা রাখিস । [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-২০৪]

চন্দ্ররে বান্ধিয়া করো সাধনা...
পঞ্চ চন্দ্র যাবে ধরা, জীবিত প্রাণে হইলে মরা [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৮১]

আগে জানলেনা তুই দেহের খবর কোনখানে কোন বস্তু আছে...
চন্দ্র সূর্য উপরে দিয়া, ঘুরছে নিরন্তর [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৪৭১]
২. চাঁদ
সে ডাকে আমারে...
যার প্রেমে চন্দ্র তারা কাটে নিশি তন্দ্রাহারা [অতুলপ্রসাদ সেন] [তথ্য]
[অতুলপ্রসাদ সমগ্র, সুনীলময় ঘোষ, সাহিত্যম্। গান-৪৭]

হাছন রাজায় কান্দে, কান্দে রে, আল্লাজির লাগিয়া...
হেরিয়া সে চন্দ্রবদন, মন হইলো চঞ্চল [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১৯৮]

রুপ দেইখে মন ভুলে ভুলিলে না ভোলা যায়...
পুর্ণিমার চন্দ্র যেন প্রবেশিলো গায় [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা। গান-৪৯৯]

কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি...
চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত নিদ্রালস-আঁখি [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, বিশ্বভারতী, কার্তিক ১৪১২, পর্যায় : প্রেম। গান-২৯৯]

আসিবে তুমি, জানি প্রিয়...
চন্দ্র অতন্দ্র সুনীল আকাশে, [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-১১২৫]

সেই চন্দ্র সেই তপন সেই উজল তারা [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু, সাহিত্যম্। গান-২৭৮]
সমার্থক শব্দাবলীঃ শশী, চন্দ্রমা, নিশাকর, নিশাকান্ত, শশধর, হিমাংশু, সুধাংশু, সুধাকর, ইন্দু, বিধু, সোম, মৃগাঙ্ক
তথ্যসূত্র