দাওন
বানান বিশ্লেষণ: দ্+আ+ও+ন্+অ
উচ্চারণ: da.on (দা.ওন্)
শব্দ উৎস: ফার্সি দামন (دامن)>বাংলা দাওন
পদ: বিশেষ্য
অর্থ:
১. বস্ত্রাদির প্রান্তভাগ
কে আছে রে ভাই হাশরের দিনে...
উম্মত পার হবে যার ধরিয়া দাওন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৬]

আলাক শহরে চলো যাই...
গুরু গোসাইর দাওন ধরে মানুষ ভাই [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-৩০৭]

কোরান হল কালির লেখা...
মুর্শিদের দাওন ধরে, দেহ লও পবিত্র করে [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-২৭০]

নবী না চিনলে সে কী খোদার ভেদ পায়...
যে নবী আজ সঙ্গে তোর চিনে মন তার দাওন ধরো । [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৪২]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৩৬৭]
২. খাওন শব্দের সহশব্দ (খাওন-দাওন)
আজ্‌কা হইবো মোর বিয়া কাল্‌কা আইমু বউ লইয়া...
খাওন-দাওন আছে খাওন-দাওন আছে! ঠইগ্‌বা না, ঠইগ্‌বা না!] [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট। গান-৯০৮]
সমার্থক শব্দাবলীঃ আঁচল, কুর্তার অগ্রভাগ
তথ্যসূত্র: