খাটি
বানান বিশ্লেষণ: খ্+আ+ট্+ই
উচ্চারণ: khati (খাটি)
শব্দ উৎস: সংস্কৃত খট্বিকা (खट्विका)>খট্টিআ>বাংলা খাটিয়া>আঞ্চলিক খাটি
পদ: বিশেষ্য
অর্থ:
১. ক্ষুদ্র খাট (সাধারণত বাঁশ বা দড়ি দিয়ে ছাওয়া হয়)
আহা রে পাষাণের মন রে তোর কি হইবে গতি...
বান্ধিয়া বাঁশের খাটি, লইবে চারিজন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৪]
একবার আমায় দে মা ছুটি...
মন বুঝেনা একদিন যে তার, বাঁধবে গো মা খাটি পাটি [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া। গান-১১১]
২. নির্ভেজাল, বিশুদ্ধ
ধন্য ধন্য বলি তারে...
কীসে ঘর রবে খাটি ঝড় তুফান এলে পারে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালন সংগীত, আবদেল মান্নান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৬৮৩]
আসল ধনের নাই ঠিকানা মন কর তার উপাসনা...
অনুরাগের নিক্তি দিয়া মাপতে আছে খাটি সোনা [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা। গান-৮১৫]
হায়রে পাগল মনা প্রেম জিনিস বাজারে বিকায়না...
খাটি প্রেমিক মনে করে যাও না দেখিয়া [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৬০]
বুঝলেনা মন মায়ের খেলা...
রসিক জানে রঙের খবর, খাটি মানুষের ঢেলা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩৩২]
মানুষে মানুষ বিরাজ করে, যার আছে হুশ...
সেথায় আছে মানুষ খাটি, দেখবে পরিপাটি [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৮৮]
৩. পরিশ্রম করি, শ্রম দেই, খাটাখাট্নি করি
যার হাতে আছে আমার আসা যাওয়ার কলকাঠি...
তারে আমি কইবা চিনি ভূতের মতো যাই খাটি [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১৫৬]
আমরা চাষী ভালবাসি দেশের মাটিরে...
বাংলাদেশী যত চাষী মিলিমিশি খাটনী খাটি রে [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান: পল্লীগীতি-৩১]
সমার্থক শব্দাবলীঃ খাটিয়া, আসল, অকৃত্রিম, চৌকি
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৩১৫