মীন
বানান বিশ্লেষণ: ম্+ঈ+ন্+অ
উচ্চারণ: min (মীন)
শব্দ উৎস: সংস্কৃত
মী+ন (নক্) {मीन}>বাংলা মীন
পদ: বিশেষ্য
অর্থ:
১. মাছ
এইবার আর হইল না বেপার...
ধুলায় পইড়া কান্দবে রে তুই, যেমন জল ছাড়া হয় মীন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৬]

দম কষে তুই বয়রে ক্ষ্যাপা প্রেমের নদীতে...
গহীন জলে বাস করে মীন গুরু বলে ছাড়তেছে ঝিম [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৬৬৬]

আগে কর স্থির মন, পাছে কর প্রেম সাধন...
আবদুল আযীয় প্রেম করিয়া, গেল জলে মীন হইয়া [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৫]

গুরুপদে দিলো যে নয়ন...
জল ছাড়িলে মীনের পতন তাই আত্মায় মিলন [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১৮২]

আসবে বলে গেলো বন্ধু কেন আইলো না...
জল বিহনে মীন শুকনাতে পড়িয়া বলো বাঁচবে কতদিন [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২২০]

বদ্ধ আছি মায়ার মোহে ছুটে যাওয়া খুবই কঠিন...
প্যাঁচ লাগিয়া আউলা সূতায়, জালে বদ্ধ আছি মীন [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৫৯৯]

আয়না দমের বংশী বাইতে যাই ভাই প্রেমের সাগরে...
যদি রসের রসের মীনে গিলে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৪১]

যদি প্রেম করিতে ইচ্ছা হয়...
জলের সনে মীনের পিরিতি জল ছাড়া বাঁচে না [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-২০]

আমি চাইয়া দেখতে যে পাই গৌরময় সকলি...
আমি গৌররুপ সাগরের মাঝে মীনের মতো ডুবে থাকি [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-১৫৭]

জাল ফেলে জেলে রয়েছে বসে...
অগম্য জলেতে মীনের শ্রয় [রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-৯৯]

সমার্থক শব্দাবলীঃ মৎস্য


তথ্যসূত্র: