নিগুম
বানান বিশ্লেষণ: ন্+ই+গ্+উ+ম
উচ্চারণ: ni.gum (নি.গুম্)
শব্দ উৎস: আতিশয্য অর্থে নি (উপসর্গ)+ফার্সি গুম্ (گم)>নিগুম্
পদ: বিশেষ্য
অর্থ:
১. অতিশয় গোপন
আমি তোমার চরণের অধীন, ও সোনার মুর্শিদ...
মুর্শিদও, গুণে কাটে যারে সে থাকে নিগুম ঘরে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৩]
পঞ্চে পঞ্চ যাবে যদি, না রবে বারণ...
স্বভাবেতে তত্বকথা, নিগুম ঘরে আছে গাঁথা [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-১৮৭]
সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই...
ধরাতে সাঁই সৃষ্টি করে ছিলেন সাঁই নিগুম ঘরে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-১৫]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৬১১]
সাধনের ধন চিন্তামণি, না হেরিলে প্রাণ বিদরে...
কানে কানে নিগুম কথা, তোমাকে শুনাব রে [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, কুমিল্লা। গান-১৯৬]
সমার্থক শব্দাবলীঃ গুপ্ত, বাতেনী, বাতিন, অপ্রকাশ্য, লুকানো, রহস্যপূর্ণ, আড়াল করা
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৬৭৯ ও ৩৬৩
- লালন আধ্যাত্মিক অভিধান, বলন কাঁইজি সম্পাদিত, সমাচার, ৩৭ পি.কে.রায় রোড, বাংলাবাজার, ঢাকা। পৃষ্ঠা:৮৭২