পরশ
বানান বিশ্লেষণ: প্+অ+র্+অ+শ্+অ
উচ্চারণ: po.rosh (প.রোস্)
শব্দ উৎস: সংস্কৃত স্পর্শ (स्पर्श)>বাংলা পরশ (স্বরাগমে)
পদ: বিশেষ্য
অর্থ:
১. পাথরবিশেষ, যার ছোঁয়ায় লোহা সহ অন্যান্য বস্তু স্বর্ণে পরিণত হয়
আরে মন বলি তোরে, বারেবারে...
দেখো মন চারিটি পরশ ছয়টি গহর [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৮]

অ মন, কর হে সাধন...
আদম তনের রত্নের খনি, যে চিনে সে পরশ মণি [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৬১]

কাম পাহাড়ে ধাক্কা লেগে, মণিলাল পাথর চুয়ায়...
লোহাতে পরশ মিলে, সোনার বর্ণ তেমনি পায় [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১২৮]

মাইয়ার কাছে কী ধন আছে, আমার কাছে বলো মন...
তার নায়ে নাই মাল বিজারা, পরশমণি দেখ সুজন [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৫৭]

প্রেম কি কখন গাছে ধরে...
প্রেম পাহাড়ে আছে খনি, জ্বলতেছে পরশ মণি [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৩৩২]
২. স্পর্শ, ছোঁয়াচ্
মানুষ হুঁশের সাধনারে মানুষ হঁশের সাধনা...
সহজ রস পেলে পরশ সুরসের বাকি থাকে না [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-১৪৫]

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়...
দরশনে দুঃখ হবে পরশনে পরশ করে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫১২]

আমি কেন গেলাম জলের ঘাটে জল আনতে গো প্রাণ সজনী...
নামরুপ বাঁশির গানে দরদ পরাণে সেই অঙ্গে পরশ হইলে [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৩১৬]

সমার্থক শব্দাবলীঃ ছোঁয়া


তথ্যসূত্র: