সাঁই
বানান বিশ্লেষণ: স্+ঁ+আ+ই
উচ্চারণ: shai (শাই)
শব্দ উৎস: সংস্কৃত স্বামী (स्वामी)>বাংলা সাঁই
পদ: বিশেষ্য
অর্থ:
১. মালিক, প্রভু, পরমেশ্বর
এলাহি বারে খোদা মাবুদগনি শাঁইন সাঁই [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৯]
যত দূরে ভাবি তোরে, তত...
ঘটে ঘটে সর্ব পটে, বিরাজিত আলেক সাঁই।। [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৬]
খোদরূপে আছেন খোদায়...
কুল্লে সাঁই মোহিত আলা স্বয়ং কাদির হয় ॥ [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২৪২]
আমি তোমায় চিনতে গিয়া...
কেউ সাকার কেউ নিরাকার সাঁই [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৯৪]
আমি বারে বারে ভক্তি করি তারে...
হাছন রাজায় বলে ভাই, একা সে জগতের সাঁই [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৪৫০]
এ বিশ্ব বাগানে, সাঁই নিরঞ্জনে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৮১]
আলিফের সঙ্গে মীমের দামাম আছে ভাই...
জিমের নীচে নোক্তা দিয়া লুকাইলো রে সাঁই [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৯৬]
আদিতে অলখ নিরঞ্জন গুপ্ত ধনানাগে গোপন...
ফুল হইতে মধুর সৃজন, নিত্যলীলায় সাঁই নিরঞ্জন [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৮]
এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়িয়াছে সাঁই [বাউল রশিদ উদ্দিন] [তথ্য]
[বাউল রশিদ উদ্দিন সমগ্র, সাইফুল ইসলাম শাহীন সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৩]
আদম খোদা মইত কহজি...
মনোমোহন কয় দিলদরিয়া, সিচলে পাবি সাঁই দরদি [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২৭৭]
২. বাউলদের গুরু (সিদ্ধিপ্রাপ্ত সাধক, স্বামী)
আচলা ঝোলা তিলক মালা মাটির ভাড় দেবে হাতে...
সিরাজ সাঁইয়ের চরণ ভুলেরে লালন বেড়ায় অকুলেতে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-১৯৬]
গুরু তুমি ফেলনা অধমে...
অযোগ্য হয়ে মুই, কদমেতে ছায়া চাই, সাঁই গো [পাঞ্জু শাহ] [তথ্য]
[মরমী কবি পাঞ্জু শাহ্ জীবন ও কাব্য, খোন্দকার রিয়াজুল হক, বাংলা একাডেমি। গান-১২]
সমার্থক শব্দাবলীঃ গোসাঁই, স্বামী, গুরু
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১০৭৩