সুত
বানান বিশ্লেষণ: স্+উ+ত্+অ
উচ্চারণ: shut (শুত্)
শব্দ উৎস: সংস্কৃত সু+ত (ক্ত)>বাংলা সুত
পদ: বিশেষ্য
অর্থ:
১. সুতা
খুঁজলে না মন অমূল্য ধন, খুঁজলে পাবে দরশন...
প্রেম সুতে না গাঁথলে তারে, গ্রাস করিবে রিপুগণ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৯]
দেখবি যদি আয় গো তোরা...
ভক্তি সুতে বেন্ধে রাখ, কখন জানি চলে যায় [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৫৪]
বুক চিরে দুখ কারে বা দেখাবো...
বিনা সুতে গাথি মালা [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২৫৩]
আয়না দমের বংশী বাইতে যাই ভাই প্রেমের সাগরে...
রাগের ছিপে তারের সুতে, সহজ প্রেমের আধার গেথে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৪১]
২. পুত্র
মন কেন মার চরণছাড়া...
ভাই বন্ধু দারা সুত, কেবলমাত্র মায়ার গোড়া । [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-১৫]
পুণ্যতোয়া ভাগীরথী নীরে করি স্নান, করি সূর্য বন্দনা...
আমি অধিরথ সুত আমি রানী গর্ভজাত [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-২৭১৭]
নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন...
প্রেমধন মায়ের মতন, দুঃখী সুতেই অধিক যতন [অতুলপ্রসাদ সেন] [তথ্য]
[অতুলপ্রসাদ সমগ্র, সুনীলময় ঘোষ, সাহিত্যম্। গান-১৩৯]
হায়রে ভ্রমণে কি সারে, হারে ভ্রমণে...
আবদুল আযীয বলে ধন্য আমেনার সুতে [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৩৭]
বাশী বাজাইয়ে যায় রে কালা...
নন্দের সুত হইয়ে আমার ভাইরে ডাকে শালা [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-২৮১]
হরি প্রেমসাগরে ভক্তিভরে, ডুব দিয়া মন থাকরে...
দারা সুত পরিজনে, কি করবে তোর ধন মানে [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৩৭৮]
আজি জীবন-মরণ-সন্ধিরে...
এই যে সুত-জায়া, ওদের বড়ো মায়া [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু, সাহিত্যম্। গান-১০]
৩. স্রোত
বন্ধু কই রইলা রে অকূলে ভাসাইয়া...
বন্ধুরে, সুতের শ্যাওলা হইয়া, ভাইস্যা ফিরি একা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৪২৬]
রসিকে আমারে পাইয়া গো গো ডাকাতি করিলো...
বস্ত্র নিলো চিকন কালায় কলসী নিলো সুতে [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৪৯৪]
সমার্থক শব্দাবলীঃ ছেলে, সুতা, রজ্জু, প্রবাহ
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১১৫৭