তারা
বানান বিশ্লেষণ: ত্+আ+র্+আ
উচ্চারণ: tara (তারা)
শব্দ উৎস: সংস্কৃত তদ্ (तद्)>বাংলা তারা
পদ: সর্বনাম
অর্থ:
১. তাহারা (আঞ্চলিক ব্যাবহার: ক. তারারে=তাহাদেরকে, খ. তারার=তাহাদের)
ক. তারারে (তারা+এরে)
ও শ্যাম বন্ধুয়ারে, ও বন্ধু আমি তোমার দরশন ভিখারিরে...
ও আল্লা তারারে পালাইলাম পক্ষ রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩১]
খ. তারার (তারা+এর)
বান্দির ফুরি করিও নারে বিয়া...
পাও নাই ধোয় তারার সাত ছিড়ি ধরিয়া [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৩৫৭]
চাইর চীজে বানাইলো ইস্টিমার, এ কী চমৎকার...
কালাশায় কয় পড়ছি ফেরে, তারার সঙ্গে পারিনা জোরে
ভালা-বুরা, তারারই এখতিয়ার [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২৩০]
আমার শ্যামকে আনিয়া দেও...
ব্রজপুরের নারী যারা তারার আছে এমনি ধারা [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৬৫৫]
২. তারকা
কে তুমি দাও পরিচয়...
'ওয়ান্নাজামু' তারার কছম, কোরআনে হইল উত্তম। [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৯৪]
হার মানালে গো,ভাঙিলে অভিমান হায় হায়...
এবার তবে জ্বালো আপন তারার আলো, [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, কার্তিক ১৪১২, বিশ্বভারতী, পর্যায়:পূজা। গান-৫৬৯]
তুই লোকটা তো ভারী মস্ত...
ক'টা তারার রাখিস্ খবর [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু সম্পাদিত, সাহিত্যম্। গান-১৪৯]
যাও হেলে দুলে এলোচুলে কে গো বিদেশিনী...
যথা তারার সাথে চাঁদ [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-৮০৩]
কী সুন্দর এক নূরের বাতি...
আকাশের চন্দ্র তারার [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৮১]
এই সুন্দর রাত্রি আকাশ পার...
তারার প্রদীপ জ্বেলে দিয়ে যায়, [গৌরীপ্রসন্ন মজুমদার] [তথ্য]
[আধুনিক গান: গৌরীপ্রসন্ন মজুমদার, সমরেন্দ্র ঘোষাল সংকলিত, অরিত্র। গান-১৩২]
জীবন আমার ধন্য যে হায়...
হাজারো চাঁদ তারার মেলা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১৬৪]
এবার প্রদীপ জ্বালা রে জ্বালা...
আকাশে গাঁথিল তারার মালা [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৫১৭]
কী শোভা করেছে সাঁই রঙমহলে...
দেখতে যেমন পরশমণি তারার মালা চাঁদের গলে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৮৫০]
৩. তারা দেবী
কালী তারার নাম জপো মুখে রে...
কালী তারার নাম জপো [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-১১২]
সমার্থক শব্দাবলীঃ তারকা, তাহারা
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৫৫৪