ভেদ
বানান বিশ্লেষণ: ভ্+এ+দ্+অ
উচ্চারণ: ved (ভেদ্)
শব্দ উৎস: সংস্কৃত √ভিদ্ (भेद)>বাংলা ভেদ
পদ: বিশেষ্য
অর্থ:
১. নিক্ষেপযোগ্য অস্ত্র (বাণ, শেল, তীর)
কারে বা দেখাইব মনের দুঃখ গো হৃদয় ছিড়িয়া...
সে যে মারিব ভেদ, ভয় না রাখে গো, কঠিন তার হিয়া [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৫]
২. পার্থক্য, তফাত
হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই...
বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-৭৪৩]
আমি মানব ধর্মে মানব করমে সঁপিনু এ প্রাণ মন...
ধর্ম জাতি ভেদ না রবে [মাহমুদ সেলিম] [তথ্য]
[জাগরণের গান, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, বিজয় নগর, ঢাকা। গান-১]
এসো মাগো হাস্যময়ী, হাস্য করো একবার...
কালবর্ণ পেয়ে জ্যোতি, ভেদ রবেনা দিবারাতি [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৩০১]
জগত পিতার অংশ মোরা যতেক ভগ্নিভাই...
আয় জাতি ভেদ ভুলে সবাই গলায় জড়াজড়ি [গুরুসদয় দত্ত] [তথ্য]
[ব্রতচারী প্রবেশ বাংলাদেশ সংস্করণ, গুরুসদয় দত্ত রচিত, ওয়াহিদুল হক সম্পাদিত, ব্রতচারী সমিতি, বাংলাদেশ। পৃষ্ঠা-৪২]
আরে অ হাদিয়া জমানা...
অ হায়রে, সে দোয়াতের কালি নিয়া, খালেক মাখলুক ভেদ করিয়া [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৪২]
জয়তু জয়তু জয়তু কবি...
দেশকালের ভেদ ভুলিলে [অতুলপ্রসাদ সেন] [তথ্য]
[অতুলপ্রসাদ সমগ্র। সম্পাদনা সুনীলময় ঘোষ, সাহিত্যম্। গান-১৫৬]
ক্ষুধিতের সেবার ভার লও লও কাঁধে তুলে...
আগুয়ান হও ভেদ ভুলে [বিনয় রায়] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-৭]
৩. মর্মার্থ, রহস্য
হরি বলে ডাকরে ও মন ভক্তি ভরে মধুর স্বরে...
দূরে যায় তার মান অভিমান, এক আত্মা কে ভেদ করে । [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২০]
ধইলো পিরীতের গুন্ডায় জাতিয়া...
হাছন রাজার গানের ভেদ বুঝতে পারবে কে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-২২৯]
যদি দেখবে সে উজানি কল...
সেই চন্দ্রের ভেদ পাইলো যে [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৪২]
আগে করো হাওয়ার মূল ঠিকানা...
হাওয়া আসতে যেতে কি নাম কয় সে ভেদ না জানিলে বন্দেগী হবে না [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২০৮]
বৎস, বলি রে এখন, ছওয়ালের জবাব বলি...
শরীরের ভেদ বুঝবে করিলে সাধন [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৮]
আমার করে দুনিয়াই লয়ে পাতিয়াছি ফুল বিছানা...
তোমার কর্মে হই বদনামী, ভেদ বুঝিতে আর পারিনা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৪৫৩]
আমার মওলাজির কুদরতের খেলা কে বুঝবে রে ভাই...
চন্দ্র-সূর্য আকাশে ঘোরে, আছে ভেদ তার হৃদয়পুরে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১১০]
আছে ফুলে মধু ভরা...
স্বপনের ভেদ জানিয়া মায় হইলেন মাতোয়ারা [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৩৫৯]
আজব রঙ ফকীরি সাদা সোহাগীনি সাঁই...
তার চুড়ি শাড়ী ফকীরি ভেদ কে বুঝিবে তাই [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৮৩৪]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৩৯]
অ মন, সন্ধান পাইছ ন...
সেই সেজদা কেবা পাইল ভেদ জান নি [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৫০]
৪. ছেদন, বিদারণ
বাজে ক্ষুদ্ধ ঈষাণী ঝড়ে রুদ্র বিষাণ...
ভেদি গোলামীর ঘোর অমানিশা [হেমাঙ্গ বিশ্বাস] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-১১]
দ্বিদলেতে লুকাইয়া আছে মনচোর...
সপ্ততলা ভেদ করিয়া রত্নকাঞ্চন নেয় হরিয়া [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-২৫৫]
পাষাণ মন তোর গইয়া যায় রে দিন...
পত্র ভেদি রৌদ্র লাগে আপন কর্ম দুষে [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৭৮]
মা আমার অন্তরে আছ...
উপাসনাভেদে তুমি, প্রধান মূর্তি ধর পাঁচ [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-৩২]
আজি বিশ্বশরণ, রাখ পায়...
যবে মোহ- জলদ করি ভেদ, [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু সম্পাদিত, সাহিত্যম্। গান-১৩]
সমার্থক শব্দাবলীঃ বিদারণ, ছেদন, দ্ব্যার্থবোধক বাণীর গুপ্ত অর্থ, প্রভেদ, পার্থক্য
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৯৩৭