বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৮৯
শোনো হে আমার মন চিনিয়া পরম ধন
বান্ধিয়া লও গিঁঠে আপনার
খেওয়াতে লাগতে কড়ি, পার হইতে পাবে তরি
নহে তো তরিয়া যাওয়া ভার॥
সেই যে পরম ধন চিনিয়া না চিনলে মন
কানে শুনো দেখতে না পাও
পঞ্চ লাল ত্রিশ মতি সেই তো সঙ্গের সাথী
না চিনিলে পিরের কাছে যাও॥
চারিটি পরশ আছে পাইবে তাহার কাছে
আর পাবে ছয়টি গহর
তাহাকে চিনতে পাইলে রাখিও আপনা দিলে
সাফল্য জীবন হবে তর॥
এই সব নিয়ামত শোনো তার হকিকত
যে জন করিল উপার্জন
বেহেস্তে চলিয়া যাবে কবরে রৌশন হবে
কিন্তু তার আছে যে ছয়টি দুষমন॥
এলেম শিখিয়া ভাই গুরুরী করিও না চাই
ইমানওয়ালা না করিও ঝুট
ছাঁখাওতী কাম করি, না করিও বাড়াবাড়ি
সবুরেতে না হও লালায়িত॥
হাদিসেতে মানা আছে, রুহি যে সবার কাছে
পরের ধনে না হইও মত্ত
আক্কেল যে আছে যার, গোস্বা দুষমন তার
বুঝে দেখো দিলে আপনার॥
হায়াতের সঙ্গে সঙ্গে মউত যে ফিরে রঙ্গে
ধরিয়া করিতে গ্রেপ্তার॥
সেই ভাবনাতে মোর অজুদে না ছাড়ে জ্বর
তাহার বিচ্ছেদ হয় জ্বালা॥
নিকটে তরিব নাই, জিজ্ঞাসিব করি ঠাঁই
চুপে চুপে ভানু কান্দে নিরালা একালায়॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ১০৭