বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ তোর লাগিয়া সদায় মন ঝুরে
গান সংখ্যাঃ ৯৬
সোনা ভাই রে, তোর লাগিয়া সদায় মন ঝুরে
পিঞ্জিরা ছাড়িয়া যাইবায় রে সোনা ভাই
তোর লাগিয়া সদায় মন ঝুরে রে॥
যে পথে আইছ ভাই রে সেই পথে যাইও
ও ভাই, সেই পথে যাইও।
হাতও নাই পাও নাই রে ভাই
ও ভাই জগতে বেড়াও॥
নয়টি বন্দরে ভাই রে করো বেচাকিনা
ও ভাই করো বেচাকিনা
কোথায় বসতি করো রে ভাই, না পাইলাম ঠিকানা রে॥
না আছো পিঞ্জিরায় রে ভাই, না আছো বাহিরে
না জানিলে ইহার ভেদ, কি জানি হবে হাশরে রে
অধীন শেখ ভানু বলে ও ভাই, আমার বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই
হাশরের ময়দানে কোন সন্ধানে তোমার দেখা পাই রে॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ১১৫