বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: তোরা যাবে নি কেউ গো বন্ধুর দরশনে
গান সংখ্যা: ৪৭
তোরা যাবে নি কেউ গো বন্ধুর দরশনে, সই
সজনী সইগো, আমারে নিও তোমরা সাথে॥
ও আমার প্রাণের সখা দেও না দেখা
থাকে যে মোরই হৃদয় মন্দিরে॥
জলের ছলে গেলাম ঘাটে বন্ধুরে হেরিতে
আমার ঢেউ লেগে চান্দ মিশিল জলেরই সাথে গো
আমার কর্ম ফলে মিশিল জলে, না পাইলাম তারে দেখিতে॥
আমি দিন দুঃখিনী পাই নি মানিক গো
ও রূপের ভরা মাণিক্য যে, ডুবল সাগরে গো
আমি জলপরী মনে করি, ডুব খেলি তার সাথে গো॥
অধীন শেখ ভানু বলে, দমের সঙ্গে সাধন করো যাতে
ওরে প্রাণসখা দিবে দেখা তাতে গো।
সজনী সই, আমায় নিও তোমরা সাথে॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৬৩