পিৎজা
ইংরেজি :
Pizza
এটি ইতালির রুটি জাতীয় খাবার। ইউরোপে
এটি দুপুর বা রাতের মূল খাদ্য হলেও বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে এটি একটি ফাস্ট
ফুড জাতীয় খাবার হিসাবে গণ্য করা।
প্রাচীন গ্রিসে মোটা রুটি উপরাংশে তেল,
লতাগুল্ম এবং পনির দিয়ে এই খাবার তৈরি করা হতো। বাইজেনটাইন গ্রিকরা একে বলতো পিটা
(πίτα)।
গ্রিসের এই খাবারে পরিবর্তন ঘটিয়েছিল রোমানরা। এরা পাতলা রুটির ওপর পনির, মধু, ও
তেজপাতা লাগিয়ে পিৎজা তৈরি করতো। এই খাবারকে এরা বলতো
pită।
কালক্রমে এই খাবার ইউরোপের নানা জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল। স্থানীয় প্রায় সকল
ভাষাতেই এই খাবারের নাম পিটা বা এর কাছাকাছি উচ্চারণে উচ্চারিত হতো। রোমান যুগের
পরে ইতালির নেপলস-এ এর আধুনিক সংস্করণ তৈরি হয়। ইতালিয়ানরা মূল উপকরণের সাথে টমেটো
যুক্ত করে স্বাদে বৈচিত্র্য আনে, তখন এর নাম দেওয়া হয়েছিল নেপোলিটান পাই নামে।
আধুনিক শহুরে পিৎজার প্রচলন হয় ১৯৮৯ খ্রিষ্টাব্দে।
পিৎজা তৈরির প্রণালী
উপকরণ : ময়দা আড়াই কাপ, ইষ্ট দেড়
চা-চামচ, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, তেল ২
টেবিল-চামচ।
প্রণালী :
- পিৎজা ডো তৈরিকরণ: একটি বাটিতে
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে মথিত করতে হবে। এরপর ১ ঘণ্টা এই খামির ঢেকে
রাখতে হবে। এই খামির ইচ্ছামতো ভাগ করে মোটা রুটি বেলে পিৎজা ট্রেতে তেল লাগিয়ে
তাতে বিছিয়ে নিতে হবে। এই অবস্থায় একে বলা হবে পিৎজা ডো। পিৎজা প্যানে তেল
লাগিয়ে, প্যানে রুটি বসিয়ে ফেটানো ডিমের প্রলেপ দিয়ে কিছুক্ষণ চুলার পাশে রাখতে
হবে। এরপর রুটির ওপর পিৎজা সস মেখে তার ওপর ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো
কুচি, মাশরুম কুচি, সসেজ, পেপেরনি বিছিয়ে দিতে হবে। এর ওপর কিছু মোজারেলা পনির,
গোলমরিচের গুঁড়া, পাপরিকা, অরিগেনো ও ইতালিয়ান সিজনিং ছিটিয়ে দিতে হবে। এর ওপর
আবারও পেপারনি, সসেজ সহযোগে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট রেখে
দিতে হবে। এরপর ওভেন থেকে বের করে এর ওপর কিছু পনির ও মরিচের গুঁড়া ছিটিয়ে ২০
সেকেণ্ড বেক করে গরম গরম পিৎজা পরিবেশন করা যাবে।
পিৎজা সস
পিৎজা তৈরির ক্ষেত্রে পিৎজা সস ব্যবহার করা হয়। এই সস পিৎজার জন্য বিশেষভাবে
তৈরি করা হয়। এই সস তৈরির জন্য প্রয়োজন হবে−
টমেটো ১ কেজি, পেঁয়াজ কুচি
পৌনে এক কাপ, থেঁতলানো রসুন ৩ টেবিল-চামচ, জলপাই তেল ৩ টেবিল-চামচ, চিনি ২
টেবিল-চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণ মতো, বেসিল শুকনা গুঁড়া
১ চা-চামচ, অরিগেনো ১ চা-চামচ, সিরকা ৪ টেবিল-চামচ।
প্রথমে টমেটো পাতলা আবরণ ছাড়িয়ে কুচি করে নিতে হবে। তেল গরম করে তাতে
রসুন-পেঁয়াজ ভাজতে হবে। নরম হলে মরিচ, লবণ, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে
টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি উপকরণ দিয়ে নামাতে হবে।