ঢাকা নিউজ
ঢাকা থেকে প্রকাশিত প্রথম ইংরেজি ভাষার সাপ্তাহিক সংবাদপত্র। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৫৬ খ্রিষ্টাব্দের ১৮ এপ্রিল। প্রতি শনিবার পত্রিকাটি ছাপা হতো।

ঢাকা নিউজ- এর সম্পাদক ছিলেন আলেকজান্ডার ফর্বেস (A.Forbes)। উল্লেখ্য, ফর্বেস ছিলেন ঢাকার প্রথম সাংবাদিক, প্রকাশক ও মুদ্রাকর। সম্পাদক হওয়ার আগে কাজ করেছিলেন তিনি দ্বারকানাথ ঠাকুরের রেশমের কুঠিতে, আলী মিয়ার (ঢাকার জমিদার) জমিদারীতে, নীলকুঠি এবং ঢাকা ব্যাংকে। পরে তিনি ‘ঢাকা নিউজ’ এর সম্পাদনা ভার ছেড়ে কলকাতার ‘হরকরা’ পত্রিকার সম্পাদনা ভার গ্রহণ করেছিলেন। 

ঢাকা নিউজ- এর মুদ্রণ ও প্রকাশক ছিলেন জে.এ.মিনাস। এছাড়া পত্রিকাটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার বেশকিছু অভিজাত ব্যক্তি এবং  কয়েকজন নীলকর। পত্রিকাটি ছাপা হতো ‘ঢাকা প্রেস’ থেকে।  সে সময়ে ‘ঢাকা প্রেস’ এর মালিক ছিলেন আর্মেনিয় ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এন পি পোগেজ, এ এম ক্যামরন, জে. এ গ্রেগ, জে. পি ওয়াইজ এবং অবাঙালি মুসলমান ও ঢাকার নবাব বাড়ির প্রতিষ্ঠাতা খাঁজা. এ গণি।  লক্ষণীয় বিষয়ে উদ্যোক্তাদের কেউ বাঙালি ছিলেন না। পত্রিকাটি কোনো অর্থেই বাঙালি সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিল না।

চাঁদার হার ছিল বার্ষিক সাড়ে দু’রুপি এবং তা পরিশোধ করতে হতো অগ্রিম। প্রতি সংখ্যার দাম ছিল দু’আনা। বিজ্ঞাপনের হার ছিল লাইন দু’আনা । উল্লেখ্য, এক টাকার নিচে কোন বিজ্ঞাপন গ্রহণ করা হতো না। ঢাকার নিউজ এর সূত্র ধরেই ঢাকার মধ্যবিত্ত ইংরেজি জানা মানুষের একটি সংবাদ পাঠের একটি নিজস্ব ক্ষেত্র তৈরি হয়েছিল বটে। তবে স্থানীয় মানুষের কাছে পত্রিকাটি শ্রদ্ধার আসন পায় নি। কারণ, পত্রিকাটিতে সব সময়ই সমকালীন ব্রিটিশ বিরোধী নীল বিদ্রোহ, ফরায়েজি বিদ্রোহ ও কৃষক বিদ্রোহের বিরুদ্ধে ছিল। এ ছাড়া চিঠিপত্র, আঞ্চলিক কিছু খবরও থাকত। পত্রিকাটি প্রকাশের একবছর পরই ঢাকার লালবাগের কেল্লায় সিপাহি বিদ্রোহ দেখা দেয়। সিপাহিদের বিরুদ্ধে ঢাকা নিউজ অনবরত প্রচারণা শুরু করে।

‘ঢাকা নিউজ’ প্রথমে ছিল এক পৃষ্ঠা। ১৩ নম্বর সংখ্যা থেকে পত্রিকার পাতা বৃদ্ধি পেয়েছিল চার পৃষ্ঠায় । এছাড়া সঙ্গে থাকত ‘সাপ্লিমেন্ট’ । এতে চলতি বাজারদরই ছিল প্রধান বিষয়। দ্বিতীয় খণ্ড থেকে পত্রিকা টি আট পৃষ্ঠার হয়েছিল । এর প্রথম পৃষ্ঠায় থাকত কিছু বিজ্ঞাপন ।

১৮৫৮ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর, পত্রিকা প্রকাশের ব্যবস্থাপনা ভার পরিবর্তিত হয়েছিল। খুব সম্ভব ১৮৬৯ খ্রিষ্টাব্দে ‘ঢাকা নিউজ’ প্রকাশ বন্ধ হয়ে গিয়েছিল। সম্ভবত  ঐ পত্রিকার ব্যবস্থাপনা পরিষদই ‘বেঙ্গল টাইমস’ প্রকাশ শুরু করেছিল।


সূত্র :