সত্তা
যে কোনো মূর্ত বা বিমূর্ত বিষয়বস্তু, যা প্রত্যক্ষ, জ্ঞাত বা অনুমিতভাবে স্বতন্ত্র অস্তিত্বসম্পন্ন বলে বিবেচিত হয়, তাকে সত্তা বলে।
ঊর্ধ্বক্রমবাচকতা {সত্তা}
ইংরেজি:
entity

ব্যাখ্যা: মানুষ তার জ্ঞান, অভিজ্ঞতা ও চিন্তার মাধ্যমে চারপাশের অসংখ্য বিষয়বস্তুকে পৃথকভাবে শনাক্ত করতে সক্ষম। যে কোনো শনাক্তযোগ্য বিষয়কে মানুষ এক বা একাধিক নামের মাধ্যমে চিহ্নিত করে এবং ভাষায় তা সাধারণত বিশেষ্য দ্বারা প্রকাশ করে। এই বিচারে নামযুক্ত প্রতিটি বিষয়ই একটি সত্তা।

প্রতিটি সত্তার কিছু স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য বা ধর্ম  থাকে, যার দ্বারা সেটি অন্য সত্তা থেকে পৃথকভাবে চিহ্নিত হয়। যেমন, পানি তরল, আগুন দহনক্ষম এবং বায়ু গ্যাসীয়—এসব ধর্মই তাদের স্বতন্ত্র সত্তা নির্দেশ করে। কোনো সত্তার ধর্ম সব পর্যবেক্ষকের কাছে সমানভাবে প্রকাশিত নাও হতে পারে; কিন্তু মানুষের সাধারণ অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে যে বৈশিষ্ট্যসমূহ একটি বিষয়কে অন্য সব বিষয় থেকে পৃথক করে, সেই বৈশিষ্ট্যের সমষ্টিই তার সত্তাধর্ম। সত্তা দৃশ্যমান ও স্পর্শযোগ্য হতে পারে, যেমন—মানুষ, বৃক্ষ, নদী বা পাথর; আবার সম্পূর্ণ বিমূর্তও হতে পারে, যেমন—সংখ্যা, ন্যায়, ভাষা, জ্ঞান, সময় বা ভালোবাসা। মানুষের চিন্তা ও ভাষায় যেসব বিষয়কে পৃথক অস্তিত্বসম্পন্ন বলে বিবেচনা করা হয়, সেগুলিই সত্তার অন্তর্ভুক্ত।

অধঃক্রমবাচকতা