দোলন-চাঁপা
কাজী নজরুল ইসলাম

কবি-রানি
তুমি আমায় ভালোবাসো তাই-তো আমি কবি।
আমার এ রূপ
– সে যে তোমায় ভালোবাসার ছবি॥

             আপন জেনে হাত বাড়ালো
–
             আকাশ বাতাস প্রভাত-আলো,
             বিদায়-বেলার সন্ধ্যা-তারা
                          পুবের অরুণ রবি,
–
তুমি       ভালোবাস বলে ভালোবাসে সবি॥

আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়,
আমার আশা বাইরে এল তোমার হঠাৎ আসায়।
            তুমিই আমার মাঝে আসি
            অসিতে মোর বাজাও বাঁশি,
            আমার পূজার যা আয়োজন
                          তোমার প্রাণের হবি।
আমার বাণী জয়মাল্য, রানি! তোমার সবি॥

তুমি আমায় ভালোবাস তাই-তো আমি কবি।
আমার এ রূপ,
–সে যে তোমার ভালোবাসার ছবি॥


রচনা ও প্রকাশকাল:
কবিতাটি প্রথম দোলন-চাঁপা গ্রন্থে স্থান পেয়েছিল।