বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
বিদায় বেলায় সালাম লহ মাহে রমজান রোজা
বিদায় বেলায় সালাম লহ মাহে রমজান রোজা।
(তোমার) ফজিলতে হালকা হ’ল গুনাহের বোঝা॥
ক্ষুধার বদলে বেহেশ্তী ঈদের সুধা তুমি দিলে
খোদার সাধনার দুঃখে কি সুখ তুমি শিখাইলে,
(তুমি) ইশারাতে খোদায় পাওয়ার পথ দেখালে সোজা॥
ভোগ-বিলাসী মনকে আনলে পরহেজগারীর পথে
দুনিয়াদারী করেও মানুষ যেতে পারে জান্নাতে,
কিয়ামতে তোমার গুণে ত্রাণ করবেন বদরুদ্দোজা॥
- ভাবসন্ধান: এই গানে পবিত্র রমজান মাসকে বিদায় জানিয়ে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আধ্যাত্মিক আবেগ প্রকাশ করা হয়েছে। রমজানকে আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সময় হিসেবে চিত্রিত করা হয়েছে।
কবি বিশ্বাস করেন, এই মাসের সাধনার মাধ্যমে মানুষের পাপের বোঝা হালকা হয় এবং তার আত্মা নতুনভাবে পবিত্রতার আলোয় উদ্ভাসিত হয়।
তাই গানের শুরুতেই কবি বিদায়বেলায় রমজানকে সালাম জানিয়েছেন। তিনি বলেছেন, এই বরকতময় মাসের ফজিলতে মানুষের গুনাহের বোঝা অনেকটাই লাঘব হয়েছে।
রোজার ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার বিনিময়ে মানুষ ঈদের আনন্দ, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের আশার অমৃতসুধা লাভ করে। রমজান মানুষকে উপলব্ধি করায় যে, আল্লাহর ইবাদতের জন্য কষ্ট স্বীকার করলেও তার মধ্যেই প্রকৃত সুখ ও প্রশান্তি নিহিত রয়েছে। রমজান তার শিক্ষা ও ইঙ্গিতের মাধ্যমে মানুষকে আল্লাহর নৈকট্য লাভের সরল ও সঠিক পথ দেখিয়ে দেয়।
গানটির পরবর্তী অংশে কবি রমজানের নৈতিক শিক্ষার কথা উল্লেখ করেছেন। ভোগ-বিলাসে আসক্ত মনকে এই মাস সংযম, আত্মনিয়ন্ত্রণ ও পরহেজগারির পথে পরিচালিত করে। রমজান মানুষকে শিক্ষা দেয় যে, সংসারের দায়িত্ব পালন করেও আল্লাহর বিধান মেনে ধার্মিক ও সৎ জীবনযাপন করা সম্ভব। অর্থাৎ দুনিয়ার জীবন ও পরকালের কল্যাণ—উভয়ের মধ্যে সুন্দর সমন্বয় সাধনই ইসলামের আদর্শ।
গানটির শেষাংশে কবি আশা প্রকাশ করেছেন যে, কিয়ামতের দিন রমজানের এই সাধনা ও সিয়ামের বরকতে
বদরুদ্দোজা (অন্ধকার রজনীর পূর্ণচন্দ্র-সম এই অর্থে, হযরত মুহাম্মদ (সা.) তাঁর
সুমহান গুণ, দয়া এবং তাঁর শাফায়াত বা সুপারিশের মাধ্যমেই তুমি পরিত্রাণ বা
মুক্তি লাভ করবে।ৱ
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না।
সম্ভবত ১৯৪১ খ্রিষ্টব্দের ২২ অক্টোবর (বুধ ৬ কার্তিক ১৩৪৮) কলকাতা বেতার কেন্দ্র থেকে ঈদ নামক শ্রুতিনাটক প্রচারিত হয়েছিল। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
গান সংখ্যা ১৬৩১। নাটিকা : ‘ঈদ’ (মাহ্তাবের গান)। পৃষ্ঠা: ৪৮৮।
- বেতার:
ঈদ।
(ঈদল ফিতর
উপলক্ষে প্রচারিত শ্রুতি নাটক) [১৯৪১
খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর (বৃহস্পতিবার ৬ কার্তিক ১৩৪৮), চরিত্র: মাহতাব]
সূত্র:
- বেতার জগৎ। ২২ অক্টোবর
(বুধবার, ৫ কার্তিক ১৩৪৮)। পৃষ্ঠা: ১২১০
- The Indian Listener Vol VI No. 20,
page 59
- পত্রিকা:
ইত্তেফাক। ঈদ (নাটক)। [৭ বৈশাখ ১৩৬৫]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম। ধর্মাঙ্গ। রমজান (রোজার মাস)