বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
তুমি কি পাষাণ বিগ্রহ শুধু কহ গিরিধারী
কহ
তুমি কি পাষাণ বিগ্রহ শুধু কহ গিরিধারী
কহ।
জাগিবে না তুমি? তুমি কি আমার অন্তর্যামী নহ?
তুমি কি আমার পরানের ব্যথা?
বুঝিবে না তুমি কহিবে না কথা?
কথা কও বঁধু সহিতে পারি না অসীম এই বিরহ॥
- ভাবার্থ: এটি
মহেন্দ্রনাথ গুপ্তের রচিত রেকর্ড প্রকাশিত নাটক
'রুক্সিনী মিলন'-এর গান। উল্লেখ্য, রুক্মিণী শ্রীকৃষ্ণের স্ত্রী।
এই গানে রুক্মিণীর হৃদয়ের গভীর আকুলতা, অভিমান এবং কৃষ্ণ-লাভের ব্যাকুল আর্তি প্রকাশ পেয়েছে।
রুক্মিণী আরাধ্য গিরিধারী বা শ্রীকৃষ্ণকে উদ্দেশ করে প্রশ্ন করছেন— তিনি কি শুধুই পাষাণের ন্যায় নিস্তব্ধ ও নিরুত্তর বিগ্রহ, নাকি সত্যিই ভক্তের অন্তরের কথা অনুভব করতে সক্ষম।
গানটির শেষ পঙ্ক্তিতে বিরহের তীব্রতা চরমে পৌঁছেছে। রুক্মিণী আর নীরবতা সহ্য করতে
পারছেন না। তিনি চান, প্রিয়তম অন্তত একটি কথা বলুন, কোনো সাড়া দিন, যেন এই অসীম
বিরহের যন্ত্রণা কিছুটা লাঘব হয়। এখানে বিরহ কেবল বিচ্ছেদের দুঃখ নয়; বরং তা ভক্তির
গভীরতম প্রকাশ। কারণ সত্যিকারের প্রেমেই এমন আকুলতা জন্ম নেয়।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ
১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি
মহেন্দ্রনাথ গুপ্তের রচিত নাটক
'রুক্সিনী মিলন'-এর রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৩৯ বৎসর ৭ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৯১৪। পৃষ্ঠা: ৫৭৭]
- রেকর্ড:
এইচএমভি [জানুয়ারি ১৯৩৯ (পৌষ-মাঘ ১৩৪৫)। মহেন্দ্রগুপ্তের রচিত নাটক
'রুক্সিনী মিলন'। এন ১৭২৪১। চরিত্র: রুক্মিণী। শিল্পী: সরযুবালা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। কৃষ্ণপ্রেম।
কৃষ্ণ-রুক্মিণী