বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নতুন ক'রে রেজওয়ান জিন্নত সাজায়
নতুন ক'রে রেজওয়ান জিন্নত সাজায়
আজ রোজায় আজ রোজায় আজ রোজায়।
লাগল চাবি দোজখেরি দরওয়াজায়॥
মসজিদেরি মিনার-চূড়ে
আজ বেহেশ্তী নিশান উড়ে
গাফলতি নাই আর কারো নামাজ কাজায়॥
রোজার শবেকদর রাতে
কোরান এলো দুনিয়াতে
ফেরেশ্তা সব সালাম জানায় মোর্তজায়॥
- ভাবসন্ধান: এটি ইসলামী ভাবধারার একটি ভক্তিমূলক ও আনন্দময় রচনা। এই
গানে পবিত্র রমজান মাসের আগমনকে কেন্দ্র করে ইসলামী জগতে যে আধ্যাত্মিক জাগরণ,
পাপমোচনের আকাঙ্ক্ষা, ইবাদতের আনন্দ এবং মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর প্রতি
গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটেছে।
কবি কল্পনা করেছেন—রমজানের পবিত্রতায় সমগ্র জগৎ যেন নতুন সৌন্দর্য ও পবিত্রতায়
সজ্জিত হয়েছে। রেজওয়ানসহ জান্নাতের ফেরেশতারা নতুন করে
আনন্দের সাজে সজ্জিত হয়েছে এবং রোজার বরকতে দোজখের দরজা বন্ধ হয়ে গেছে। রেজওয়ানসহ জান্নাত-এর
আক্ষরিক অর্থ জান্নাতের প্রহরী। এখানে জান্নাতের তত্ত্বাবধায়ক অর্থে ব্যবহার করা
হয়েছে।
মসজিদের মিনারের চূড়ায় আজ বেহেশতের পতাকা উড়ছে। এটি রমজানের পবিত্রতা, আল্লাহর
রহমত ও মানুষের আত্মশুদ্ধির প্রতীক। রোজার মাধ্যমে মানুষের হৃদয় থেকে গাফিলতি
(অবহেলা বা উদাসীনতা) দূর হয়েছে। তাই সবাই নামাজ, ইবাদত ও ধর্মীয় কর্তব্য পালনে মনোযোগী হয়েছে।
কবি স্মরণ করেছেন পবিত্র শবে কদর-এর মহিমা।
মহিমান্বিত এই রাতেই পবিত্র কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। তাই এই রাত ও রমজান
মাস সমগ্র মানবজাতির জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও হেদায়েতের (সঠিক পথের দিশা
বা আল্লাহপ্রদত্ত পথনির্দেশ) উৎস। ফেরেশতারা
আনন্দে সালাম জানাচ্ছে আল্লাহর মোর্তজা (নির্বাচিত
বা মনোনীত, এটি মহানবীর একটি উপাধ) মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৬
খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, ফেব্রুয়ারি ২০১২)।
গান সংখ্যা ৩৮৫।
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। এন ৯৮২২। শিল্পী:
রাবেয়া খাতুন]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ১৭ সংখ্যক গান]
[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
-
বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম। রমজান। মহিমা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান