বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
এসো নীপবনে ছায়াবীথিতলে

পাঠ ও পাঠভেদ:

এসো নীপবনে ছায়াবীথিতলে,            এসো করো স্নান নবধারাজলে॥

দাও আকুলিয়া ঘন কালো কেশ,         পরো দেহ ঘেরি মেঘনীল বেশ-

কাজলনয়নে, যূথিমালা গলে,            এসো নীপবনে ছায়াবীথিতলে॥

আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী,        অধরে নয়নে উঠুক চমকি॥

মল্লারগানে তব মধুস্বরে       দিক্ বাণী আনি বনমর্মরে।

ঘনবরিষনে জলকলকলে      এসো নীপবনে ছায়াবীথিতলে॥