বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ আমি কইমু দুঃখ কারে রে
গান সংখ্যাঃ ১০
আমি কইমু দুঃখ কারে রে, প্রাণবন্ধের লাগি মন ঝুরে
সাধনের ধন চক্ষু রতন, সেই ধন নিল চোরে রে
আমি কইমু দুঃখ কারে রে॥
আসব বইলা গেল চলে, আমায় রেখে ঘরে
আবার পাইলে দেখা, দুঃখ মোর যাইত দূরে রে
আমি কইমু দুঃখ কারে রে॥
তোমার বিচ্ছেদ জ্বালায় ঢাকা মোর অন্তর রে
মনে হইলে উঠে জ্বইলা কেউ নিবায় না তারে
আমি কইমু দুঃখ কারে রে॥
সরলে গরল মিশিয়া খাওয়াইল আমারে
কি যাদু করিল মোরে, প্রাণ টিকে না ঘরে রে
আমি কইমু দুঃখ কারে রে॥
আমার বন্ধু প্রাণ সিন্ধু ভালোবাসে যারে
সর্প হইয়া কাটে তারে ওঝা হইয়া ঝারে রে
আমি কইমু দুঃখ কারে রে॥
আমি বলি প্রাণবন্ধু ভুলিয়াছে যারে
দুঃখ তার কপালের লিখা সে কি খণ্ডাতে পারে রে
আমি কইমু দুঃখ কারে রে॥
অধম ভানু বলে, পাইলে বন্ধু নয়ন জলে গোসল করাইমু তারে
একবার আইসা ভালো বাইসা ও বন্ধু দেখা দেও আমারে রে
আমি কইমু দুঃখ কারে রে॥
পর্যায়
- বিষয়াঙ্গ: হামদ। প্রার্থনা
- সুরাঙ্গ: মাইজভাণ্ডারী
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ২৬