বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঝুলনের এই মুধু লগনে
ঝুলনের এই মধু লগনে।
মেঘ দোলায় দোলে; দোলে রে বাদল গগনে॥
উদাসী বাঁশির সুরে ডাকে শ্যামরায়,
ব্রজের ঝিয়ারি আয়, পরি নীল সাড়ি আয়,
নীল কমল কুঁড়ি দোলায়ে শ্রবণে॥
বাঁশির কিশোর ব্রজগোপী চিতচোর,
অনুরাগে ডাকে আয় দুলিবি কে ঝুলনে॥
মেঘ মৃদং বাজে, বাজে কী ছন্দে,
রিমঝিম বারিধারা ঝরে আনন্দে।
বুঝি এলো গোকুল ব্রজে নেমে
কৃষ্ণ রাখাল প্রেমে শুনি বাঁশি তায়
ফোটে হাসি গোপীজনে আননে॥
- ভাবসন্ধান: বর্ষার ঝুলন উৎসবের প্রেক্ষাপটে কৃষ্ণের বাঁশির আহ্বানে ব্রজগোপীদের প্রেম, ভক্তি ও আনন্দময় মিলনের ভাব এই গানে কাব্যিকভাবে প্রকাশ পেয়েছে। এখানে প্রকৃতি, সঙ্গীত ও ভক্তির সমন্বয়ে
যে মধুর লীলাময় পরিবেশ সৃষ্টি
হয়েছে- এ যেন তার একচিত্রময় রূপ।
ঝুলন উৎসবের মধুময় অনুভব যেন বর্ষার মেঘ দুলছে, দুলছে আকাশে বাদল। প্রকৃতি যেন নিজেই দোলনার মতো আন্দোলিত হয়ে উঠেছে। এই সময়ে শ্যামরায় কৃষ্ণ তাঁর উদাসী বাঁশির সুরে ব্রজের গোপীদের ডাকছেন। তিনি আহ্বান জানাচ্ছেন-
যেন ব্রজের ঝিয়ারিরা (গোপীরা) নীল শাড়ি পরে এসে এই দোল উৎসবে অংশ নেয়। তাদের কানে নীল কমলকুঁড়ির মতো দুল পরে তারা
যেন ঝুলনের আনন্দে দোল খায়।
কৃষ্ণ এখানে বাঁশিবাদক কিশোর, যিনি ব্রজগোপীদের হৃদয়হরণকারী। তাঁর বাঁশির সুর প্রেমের আহ্বান হয়ে উঠেছে।
কবির নিশ্চিত যে- সেই অনুরাগের ডাকে সাড়া দিয়ে ঝুলনে দুলতে সবাই ছুটে আসবে।
বর্ষার মেঘ যেন মৃদঙ্গের মতো বাজছে, আর তার সঙ্গে রিমঝিম বৃষ্টিধারা আনন্দের সুরে ঝরে পড়ছে। মনে হয় যেন গোকুল-ব্রজভূমিতে আবার কৃষ্ণ রাখালের আবির্ভাব ঘটেছে। তাঁর বাঁশির সুরে গোপীরা বিমোহিত হয়ে উঠছে এবং তাদের মুখে আনন্দের হাসি ফুটে উঠছে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৯ আগষ্ট খ্রিষ্টাব্দ
(মঙ্গলবার, ১২ ভাদ্র ১৩৪৬) কলকাতা বেতার থেকে প্রচারিত হয়েছিলে জগৎ ঘটকের
রচিত 'ঝুলন'
নামক গীতি-আলেখ্য। এই গীতি-আলেখ্যে নজরুলের রচিত এই গানটি ব্যবহৃত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ২ মাস।
-
গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৯০৩। পৃষ্ঠা: ১৯০৩]
- বেতার: 'ঝুলন'
(গীতি-আলেখ্য)। রচয়িতা জগৎঘটক। কলকাতা বেতার কেন্দ্র [২৯ আগষ্ট ১৯৩৯ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার, ১২ ভাদ্র ১৩৪৬)।
শিল্পী: ইলা ঘোষ]
সূত্র:
- বেতার জগৎ: ১০ম বর্ষ ১৬শ সংখ্যার [পৃষ্ঠা:
৬৩৭]
- The Indian Listener. Vol.
IV No 16 Page 1183
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। ঝুলন-উৎসব