বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
মহাদেবী উমারে আজি সাজাব
মহাদেবী উমারে আজি সাজাবো হর-রমা সাজে।
মহামায়ার বুকে তাঁরি মায়ার শর দেখবো কেমন বাজে॥
হরমোহিনী বিনা এই ত্রিদিবে
কে ভোলাবে দেবাদিদের শিবে,
শিব হলে অচেতন পুন জাগিবে মদন,
চলিবে নিলাজ কামনা-লীলা বিশ্ব মাঝে॥
- ভাবসন্ধান: উমা বা মহাশক্তির প্রেমময়ী ও মোহিনী রূপই বৈরাগ্যনিমগ্ন শিবকে জাগিয়ে তোলে এবং সৃষ্টি ও জীবনের মধ্যে প্রেম, আকর্ষণ ও কামনার সঞ্চার করে। শিব ও শক্তির মিলন এখানে কেবল দাম্পত্য সম্পর্ক নয়; এটি চৈতন্য ও শক্তির মিলন, যার মাধ্যমে বিশ্বজগতে সৃষ্টি ও জীবনধারার প্রবাহ সচল থাকে।
এই ভাবাদর্শে রচিত এই গানে উমাকে হর-রমা বা শিবের প্রিয়তমা রমণীরূপে সাজানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। উমা এখানে কেবল কৈলাসবাসিনী দেবী নন; তিনি মহামায়ার অন্তর্নিহিত মোহিনীশক্তি, যাঁর সৌন্দর্য ও প্রেমের শক্তি সমগ্র সৃষ্টিজগৎকে আন্দোলিত করতে পারে।
শিবকে মোহিত করার জন্য দেবীকে প্রেমময়ী ও মোহিনী রূপে সাজানোর প্রতিজ্ঞায়- কবি
বলেন- মহাদেবী উমাকে এমন রূপে সাজানো হবে, যাতে দেখা যায়—মহামায়ার নিজের বুকেই তাঁর মায়ার শর বা মোহের বাণ কীভাবে আঘাত করে। অর্থাৎ যিনি সমগ্র জগৎকে মায়ার বন্ধনে আবদ্ধ করেন, তাঁর মধ্যেই প্রেম, সৌন্দর্য ও আকর্ষণের যে রহস্যময় শক্তি নিহিত আছে, তারই প্রকাশ ঘটবে উমার রূপে।
“হরমোহিনী” অর্থাৎ যিনি স্বয়ং হর বা শিবকেও মোহিত করতে পারেন—এমন শক্তি আর কার আছে? শিব হলেন বৈরাগ্য, সংযম ও চৈতন্যের প্রতীক; দেবতাদের মধ্যেও তিনি অনাসক্ত ও জগৎবিমুখ। কিন্তু উমার প্রেমময় ও মোহিনী রূপ সেই বৈরাগী শিবকেও আকর্ষণ করে জাগতিক প্রেমের লীলায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে পারে।
শেষাংশে বলা হয়েছে, শিব যদি সম্পূর্ণ অচেতন বা বৈরাগ্যনিমগ্ন হয়ে থাকেন, তবে উমার প্রেমস্পর্শে মদন বা কামদেব পুনরায় জেগে উঠবে। তখন বিশ্বজগতে আবার প্রেম, আকর্ষণ ও কামনার স্বাভাবিক লীলা প্রবাহিত হবে। এখানে “নিলাজ কামনা-লীলা” বলতে সৃষ্টির স্বাভাবিক, বাধাহীন ও অকপট প্রেম-আকাঙ্ক্ষার প্রকাশ বোঝানো হয়েছে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬), মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, নজরুল এই নাটকের জন্যই রচনা করেছিলেন। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর
৯ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৬৯। পৃষ্ঠা:
৯৩৯-৯৩৪। ]
- মঞ্চ
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্ত। দুর্গা। বন্দনা