বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: শোন শোন, ইয়া ইলাহী, আমার মোনাজাত
শোন শোন,
ইয়া ইলাহী, আমার মোনাজাত।
তোমারি নাম
জপে যেন, (আমার) হৃদয় দিবস-রাত॥
যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা,
(আমি) চোখে যেন দেখি শুধু, (দেখি) কোর্আনের আয়াত॥
মুখে যেন জপি আমি
কলেমা তোমার দিবস-যামী,
(তোমার) মস্জিদেরি ঝাড়ু-বর্দার্, (খোদা) হোক আমার এ হাত।
সুখে তুমি, দুখে তুমি,
চোখে তুমি, বুকে তুমি,
এই
পিয়াসি প্রাণে খোদা তুমি আবহায়াত॥
-
ভাবসন্ধান: এই গানে কবি আল্লাহর প্রতি একান্ত আত্মসমর্পণ, প্রেম ও আনুগত্য
উপস্থাপন করেছেন প্রার্থনার সুরে। পরম করুণাময আল্লাহর কাছে তাঁর একান্ত প্রার্থনা,
তিনি যেন তাঁর মোনাজাত কবুল করেন। তাঁর হৃদয় যেন দিন-রাত সর্বদা তোমারই নাম স্মরণ করে এবং
তাঁর ভালোবাসায় নিমগ্ন থাকে।
কবি আরও প্রার্থনা করেন, তাঁর কান যেন সর্বদা আল্লাহর বাণী তথা পবিত্র কোরআনের তিলাওয়াত শুনতে পায়। তাঁর
চোখ যেন সব সময় কোরআনের শিক্ষা ও আল্লাহর নিদর্শন হিসেবে কোরআনের আয়াত দেখতে
পায়। অর্থাৎ তিনি এমন একটি জীবন কামনা করেন, যেখানে ইন্দ্রিয়, মন ও চিন্তা- সবই আল্লাহর স্মরণে নিবেদিত থাকবে।
এরপর তিনি বলেন, তাঁর মুখে যেন সর্বদা কালিমা উচ্চারিত হয় এবং তাঁর হাত যেন আল্লাহর মসজিদের সেবায় নিয়োজিত থাকে। এখানে “মসজিদের ঝাড়ু-বরদার” হওয়ার আকাঙ্ক্ষা বিনয়, আত্মনিবেদন ও আল্লাহর ঘরের সেবক হওয়ার প্রতীক। কবি মনে করেন, আল্লাহর ঘরের সামান্য সেবাও পরম সৌভাগ্যের বিষয়।
গানের শেষাংশে কবি আল্লাহকে তাঁর জীবনের সর্বক্ষণের আশ্রয় ও অবলম্বন হিসেবে তুলে ধরেছেন। সুখে-দুঃখে, চোখের দৃষ্টিতে, হৃদয়ের অনুভবে—সর্বত্র তিনি আল্লাহর উপস্থিতি অনুভব করতে চান। তাঁর তৃষ্ণার্ত আত্মা আল্লাহকেই “আবহায়াত” বা আবে হায়াত (অমৃতজীবনের জল, অনন্ত জীবনের উৎস) বলে মানে। অর্থাৎ আল্লাহর সান্নিধ্য ও কৃপাই তাঁর আত্মার প্রকৃত জীবন, শান্তি ও তৃপ্তির একমাত্র উৎস।
-
রচনাকাল
ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মোয়াজ্জিন পত্রিকার শ্রাবণ ১৩৪২ (জুলাই-আগষ্ট ১৯৩৫) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
- পত্রিকা: মোয়াজ্জিন [শ্রাবণ ১৩৪২ (জুলাই-আগষ্ট ১৯৩৫)]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ৫৫৫ সংখ্যক গান।
- রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৬
(পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২১৬। শিল্পী:
আব্বাসউদ্দীন আহমদ]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলামী গান। হামদ। প্রার্থনা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর