বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি সারাজীবন দুঃখ দিলে, তব দুঃখ দেওয়া কি ফুরাবে না
তুমি সারাজীবন দুঃখ দিলে, তব দুঃখ দেওয়া কি ফুরাবে না!
যে ভালোবাসায় দুঃখে ভাসায় সে কি আশা পুরাবে না॥
মোর জনম গেল ঝুরে ঝুরে- লোকে লোকে ঘুরে ঘুরে,
তব স্নিগ্ধ পরশ দিয়ে কি, নাথ, দগ্ধ হিয়া জুড়াবে না॥
তুমি অশ্রুতে যে-বুক ভাসালে-
সেই বক্ষে এসো দিন ফুরালে
তুমি আঘাত দিয়ে ফুল ঝরালে, হাত দিয়ে কি কুড়াবে না॥
- ভাবসন্ধান: ভক্তের অন্তরের গভীর বেদনা, অভিমান ও আশার মিশ্র অনুভূতি
উপস্থাপিত হয়েছে এই গানে। এ গানে ভক্ত পরমসত্তার কাছে এক তাঁর
যাপিত-জীবনের অপ্রাপ্তি ব্যাথাকে অভিযোগ হিসেবে
উত্থাপন করেছেন। ভক্তের অক্ষেপ সারাজীবন তিনি শুধু তাঁকে দুঃখই দিয়েছেন।
ভক্ত তাঁর অন্তহীন দুঃখের অবসান কবে হবে- পরম সত্তার কাছে এই তাঁর
জিজ্ঞাসা। ভক্তের অভিমত- যে ভালোবাসা মানুষকে দুঃখে ভাসায়, সেই ভালোবাসা কি কখনো পূর্ণতা
আসে না?
এই দুঃখময় প্রেমের মধ্যেই কি একদিন আনন্দ ও তৃপ্তির পরিণতি আসবে না?
এরপর তিনি নিজের জীবনের কথা বলেন- সারা জীবন কেঁদে কেঁদে, স্থান-স্থানান্তরে ঘুরে কেটেছে। এই দীর্ঘ দুঃখের
অন্তহীন যাত্রার অবসান হোক এবং পরমসত্তার স্নিগ্ধ স্পর্শ তাঁর দগ্ধ হৃদয়কে শান্ত করুক
এমনটাই ভক্তের কামনা
ভক্ত কবি মনে করেন যে হৃদয়কে পরমসত্তা অশ্রুতে ভাসিয়েছেন, সেই হৃদয়েই যেন জীবনের শেষ প্রান্তে তিনি এসে আশ্রয়
নিতে পারেন। এখানে ভক্তের গভীর আকাঙ্ক্ষা- শেষ পর্যন্ত যেন ঈশ্বরের সান্নিধ্য লাভ হয়।
ভক্তের আকাঙ্ক্ষা যে পরমসত্তা যদি কষ্ট দিয়ে তাঁর জীবনের আনন্দ-সৌন্দর্য
বিনষ্ট করেন, তাহলে তিনি যেন নিজেই সেই ভগ্ন হৃদয়কে সান্ত্বনার পরশে মনে প্রশান্তি এনে দেন।
এই গানে দুঃখময় প্রেম, অভিমান এবং পরমসত্তার প্রতি অটল আশার এক গভীর ও হৃদয়স্পর্শী
হয়ে প্রকাশিত হয়েছে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় নি। ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭)
এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে
গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। গানটি
প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের ৪০ বৎসর
১১ মাস অতিক্রান্ত হওয়ার শেষের দিকে।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ৬৭০ সংখ্যক গান। তাল: কাহারবা।
- রেকর্ড:
এইচএমভি
[মে ১৯৪০ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭)। এন ১৭৪৬৪। শিল্পী: শীলা সরকার।
সুর: কমল দাশগুপ্ত]
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৯ খণ্ড)। প্রথম প্রকাশ,জ্যৈষ্ঠ
১৪২৩ বঙ্গাব্দ/ জুন ২০১৬ খ্রিষ্টাব্দে। ৮ সংখ্যক
গান] পৃষ্ঠা: ৪৯-৫১ [নমুনা]
- সুরকার:
কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সাধারণ। পরমসত্তা। প্রার্থনা
- সুরাঙ্গ: মিশ্র রাগাশ্রয়ী