বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মম প্রাণ-শতদল হোক প্রণামী-কমল (ওগো) তব চরণে
মম প্রাণ-শতদল হোক প্রণামী-কমল (ওগো) তব চরণে
আমার এ হৃদয় নাথ হোক তন্ময় তোমারি স্মরণে॥
তব পূজার বেদী হোক আমার এ মন
হোক্ আরতি-প্রদীপ মোর এ দুটি নয়ন
নাথ, লহ মোরে পায় তোমারি সেবায় জীবনে-মরণে॥
মম দুঃখে সুখে মম তৃষিত বুকে তুমি বিরাজ,
মোর সকল কাজে বীণা-বেণু সম নিশিদিন বাজো।
মোর দেহখানি, নাথ চন্দন প্রায়
হোক্ ক্ষয় তব মন্দির-পাষাণ-শিলায়,
পাই যেন লয়, নাথ, তব সৃষ্টির রূপে বরণে॥
-
ভাবসন্ধান: এই গানে কবি পরম সত্তার কাছে সম্পূর্ণ আত্মনিবেদনের প্রার্থনা করেছেন। তিনি চান, তাঁর প্রাণ যেন শতদল পদ্মের মতো পবিত্র হয়ে
প্রমসত্তার চরণে নিবেদিত হয় এবং তাঁর হৃদয় যেন সর্বদা পরমসত্তার স্মরণে তন্ময় হয়ে থাকে।
কবি তাঁর মনকে পরমসত্তার পূজার বেদি এবং দুই চোখকে আরতির প্রদীপ হিসেবে উৎসর্গ করতে চান। জীবনের প্রতিটি মুহূর্তে, এমনকি মৃত্যু পর্যন্ত, তিনি
তাঁর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
তাঁর একান্ত প্রার্থনা যে তাঁর সুখ-দুঃখ, তৃষ্ণা ও জীবনের প্রতিটি কাজে পরমসত্তার উপস্থিতি অনুভব
করতে পারেন। তাঁর প্রতিটি কাজ যেন বীণা ও বাঁশির সুরের মতো তাঁর জীবন যেন পরমসত্তার মহিমায় মুখরিত হয়ে
থাকে। তিনি চান তাঁর দেহ চন্দনের মতো ক্ষয় হয়ে তাঁর মন্দিরে নিবেদিত হোক।
অর্থাৎ, কবির একমাত্র আকাঙ্ক্ষা হলো- নিজের মন, প্রাণ, দেহ ও জীবনের সমস্ত কর্ম
পরমসত্তার চরণে সম্পূর্ণভাবে উৎসর্গ করা এবং তাঁর সৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া।
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
৭৩৮]
- রেকর্ড:
- এইচএমভির
সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)।
-
এইচএমভি। জানুয়ারি
১৯৩৬ (১৬ পৌষ-১৭ মাঘ ১৩৪২)। এন ৭৪৭২। শিল্পী: বীণাবাদিনী দেবী (মধুপুর)
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল
ইন্সটিটিউট] ১৮ সংখ্যক গান
[নমুনা]
- সুরকার: কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। সাধারণ। পরমসত্তা।
আত্মনিবেদন
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ
- তাল:
ত্রিতাল
- গ্রহস্বর: পা