ভাষাংশ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসংগ্রহের সূচি


কল্পনা

        প্রার্থী
          কালাংড়া

আমি    চাহিতে এসেছি শুধু একখানি মালা,
তব     নবপ্রভাতের নবীনশিশির-ঢালা।
        শরমে জড়িত কত-না গোলাপ
             কত-না গরবী করবী
        কত-না কুসুম ফুটেছে তোমার
              মালঞ্চ করি আলা!
আমি    চাহিতে এসেছি শুধু একখানি মালা।

         অমল শরত-শীতল সমীর
              বহিছে তোমার কেশে,     
         কিশোর অরুণ-কিরণ তোমার
              অধরে পড়েছে এসে।
         অঞ্চল হতে বনপথে ফুল
              যেতেছে পড়িয়া ঝরিয়া—
         অনেক কুন্দ অনেক শেফালি
              ভরেছে তোমার ডালা।
আমি    চাহিতে এসেছি শুধু একখানি মালা।
     

নাগর নদী
১০ আশ্বিন ১৩০৪