বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : কেমনে গড়িল এই তরি
গান সংখ্যাঃ ৩৭
কেমনে গড়িল এই তরি,
ও মন মাঝি রে, কই রইল সুজন মেস্তরি।
বিনা কাষ্ঠে, বিনা লোহায়
নাও বানাইছে চৌদ্দ পোয়া
ও সে কেমনে করিল কারিগরি॥
ও মন মাঝি রে, হাওয়াতে চালাইলা তরি
উজান ভাটি সমান পাড়ি রে॥
ও মন মাঝি রে, বিনা তৈলের বাতি জ্বলে ঐ নায়ে
সঙ্গে লইয়া চারিজন সোয়ারী।
এই নায়ের হাল ধইরাছে মনুয়া বেপারী॥
ও মন মাঝি রে, নয় দরজা রাইখে খোলা,
এক দরজায় মারছে তালা রে,
ও রে পলকে ডুবায় রে, পলকে ভাসায় রে,
দুয়ারেতে বসাইয়াছে দুই প্রহরী॥
ও মন মাঝি রে, অধীন শেখ ভানু বলে, আফসোস কলিজা জ্বলে
দিতে হবে আজুরার কড়ি॥
ও রে ছয়জনা ডাকাইতের কুমন্ত্রণা করি,
লুটিয়া নিল ঐ তেরজুড়ি॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৫৩