বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ২০
আসমান জমিন জিলকি চমকায়
আরবের মক্কাশরে তামাম দুনিয়ায়॥
নুর নবির জনম ধরায়
পাখিরা সবে গুণ গাথা গায়
মরা গাছের ডালে পাতায়
পুণ্যের জোয়ার খেলিয়া যায়॥
রাজা ফকির নাই ভেদাভেদ
সবার মুখে খুশি বেহদ
জুয়ান বুড়া মনের খোশে
আমির ফকির এক জায়গায়॥
নবির নুরের প্রেম পরশে
টগবগিয়ে লহু হাসে
হরিব হাসে ভুখ পিয়াসে
নুরের ঝলক ক্ষুধা নেশায়॥
জ্বীন পরী ইনসান হাসে
সব মনের কালিমা নাশে
খুশির জোয়ারে ভাসে
খুশিতে জিকির গায়॥
শেখ ভানুর মনে আশে
দিন কাটাই ভাই হেসে খুশে
শফাকারী এই দিবসে
আইল আজি দুনিয়ায়॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৩৬