বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : কারে বা দেখাইব মনের দুঃখ গো হৃদয় ছিড়িয়া
গান সংখ্যা : ৩৫
কারে বা দেখাইব মনের দুঃখ গো হৃদয় ছিড়িয়া
সোনা বন্ধে মোরে ভুইল্যা গেল গো, কুলটা বানাইয়া গো
হৃদয় ছিড়িয়া॥
আগে তো কইরা ছিলাম পিরিত সরল জানিয়া
সই গো সরল জানিয়া
সে যে মারিব ভেদ, ভয় না রাখে গো, কঠিন তার হিয়া গো
হৃদয় ছিড়িয়া॥
দিবা নিশি ঝরে আঁখি যাহার লাগিয়া গো
তার বুঝি নাই রে মনে, সে যে রইয়াছে ভুলিয়া গো
হৃদয় ছিড়িয়া॥
আমি জিয়ন্তে হইয়াছি মরা, পিরিতি করিয়া গো
সই পিরিতি করিয়া
ও আমার বাকি জীবন যাইব বুঝি কান্দিয়া কান্দিয়া গো
হৃদয় ছিড়িয়া॥
অধীন শেখ ভানু বলে, মনেতে ভাবিয়া গো
আমার সোনার অঙ্গ মলিন হইল তাহারও লাগিয়া গো
হৃদয় ছিড়িয়া॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৫১