বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ আজব লীলা রঙ মহলে বাজে কলের গান
গান সংখ্যা:
আজব লীলা রঙ মহলে বাজে কলের গান
নাসিকাতে বাজে বাঁশি, কে কইরাছে এই সন্ধান॥
মন রে, সাধন করে শোনো ইন্দ্রপুরে
বাদ্য বাজে নানান সুরে রে
হাওয়ার জোরে তিনটি তারে শ্রীকুলাতে বাজে ঝনঝন
আজব লীলা রঙ মহলে বাজে কলের গান॥
মন রে, সাধু-সন্ত মহাজনে, আনন্দে বসিয়া শুনে
ঘুর করিয়া দু নয়নে, করতাছে সেই রূপ ধ্যান
আজব লীলা রঙ মহলে বাজে কলের গান॥
মন রে, আহা আহা মরি মরি, কি আশ্চর্য কারিগরি
কত ফানুস দেওয়াল ঘুরে, শামা জ্বলে স্থানে স্থানে
চার ভাই চৈতন্য সাজে, তাতে কি নাকাড়া বাজে
মধুরও মন্দিরা বাজে ফাঁকে ফাঁকে দিয়া মান
আজব লীলা রঙ মহলে বাজে কলের গান॥
মন রে, ইন্দ্রপুরের বালাখানা তার খেকরী কাটা নয় নিশানা
পঞ্চকুড়ি ষোল জনা সৈন্য সেনা মেঘাবান
আজব লীলা রঙমহলে বাজে কলের গান॥
মন রে, সপ্তম হাউজ কাটা তাতে লাগে জোয়ার ভাটা
যেমন চন্দ্রে ছটা চৌদিকেতে ফুল বাগান
আজব লীলা রঙ মহলে বাজে কলের গান॥
মন রে, বলি যে বাগানের কথা, কর্মচারী তার চারজন মালী
কত লক্ষ লক্ষ পুষ্পরাজি ভ্রমর করে মধু পান
আজব লীলা রঙ মহলে বাজে কলের গান॥
অধীন শেখ ভানু বলে, মন ভুল্যা অমন অমৃত ছেড়ে
পইড়া কামিনীর ঘুরে বাজে কথায় দিয়াছ কান
আজব লীলা রঙমহলে বাজে কলের গান॥
পর্যায়
তথ্যসূত্র: