বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: গলে বস্ত্র করজোরে আমি অধম তোয় কই
গান সংখ্যা: ৫১
দয়াল হে, গলে বস্ত্র করজোরে আমি অধম তোয় কই
লক্ষ দোষের দোষী আমি, আমি নির্দোষী কখনো নই।
চিন্তা করি দেখি মনে, বিরাজ করো সর্বখানে
চেষ্টা করলাম প্রাণপণে, সেই ঘাটে নাও বানলাম কই।
এ সংসারে পাপী যত, কেউ হবে না আমার মতো
হয় না ভাবে রত আমার মতো পাপী কই।
এ যে মন মোহন মন, সদাই করে কামিনীর ধ্যান
কিসে পাব শ্রীচরণ, আমি যে পাবার নই।
ভবসিন্ধু সাগরে আমি, কখন ডুবি কখন যে ভাসি
মন রইল রিপুর বসি, কেমনে তোমার নামটি লই।
কত হীরা লাল পরশমণি, পুঞ্জি দিয়া করলে ধনি
সেই ধনের মূল্য না জানি, অযত্নে ফেইল্যা থুই।
হইলাম আমি দিনের কানা, চিনলাম না সে রাঙ না সোনা
চুন ভাইবা ফেইল্যা দিলাম, খাইলাম না সে চাক্কা দই।
শেখ ভানু কান্দিয়া বলে, মুর্শিদের চরণ তলে
কান্না শুইনে নেও না কোলে, তুমি বিনে কান্দবই বা কই।
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৬৭