বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ এই দেশে রইব না রে পাগল মনুয়া
গান সংখ্যাঃ ২৫
এই দেশে রইব না রে পাগল মনুয়া
এই দেশে রইব না॥
মনুয়া রে, তুমি ভাবলে না ভাবের ভাবে
আর ভাবনা করবে কবে, দিন গেল তোর মিছা ভাবনায় ।
অকালে ভাবনা করা, হয়তো জিতা নয়তো মরা
আমায় বইল্যা গেলা মিরান শাহ
এই দেশে রইব না॥
মনুয়া রে, তোর দশ ইন্দ্র হবে হ্রাস, কষ্টেতে বইবে শ্বাস
কেমনে সইবে এ যন্ত্রণা
লাগাইব কফের ফাসি, রবে না চান্দ মুখের হাসি
কান্দবে রে দেখিয়া দুনিয়া ফানা
এই দেশে রইব না॥
মনুয়া রে, স্বদেশে যাইবার বেলা, রইবে না তোর শাল-দোশালা
এ পন্থে যাইতে হবে রে তনা
মুর্শিদের টিকেট ছাড়া হবে রে তুই পন্থ হারা
তস্করে লুটিয়া নিব সোনা
এই দেশে রইব না॥
মনুয়া রে, তুই এই বিষয় আশয় পাইয়া রে
একদৃষ্টে রইলে চাইয়া রে
চিনলে না রাঙ পাইলে না কি সোনা
ভাইবে শেখ ভানু বলে, মোম জ্বালায়ে
আর কত বুঝাইমু তোরে
ও তুই বিষয়েতে রইলে দেওয়ানা
এই দেশে রইব না॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৪১