বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: কাঙালের বন্ধুও, সময়ে নি পাইমু তোমারে
গান সংখ্যা: ৩৩
কাঙালের বন্ধুও, সময়ে নি পাইমু তোমারে
কেমনে রহিমু একা ঘরে রে কাঙালের বন্ধু
ও বন্ধু সময়ে নি পাইমু তোমারে॥
বন্ধুও, আছিল কপালের লিখা আমি দোষ দিমু কারে
ও বন্ধু সময়ে নি পাইমু তোমারে॥
বন্ধুও তিপিলি অঙ্কুর কালে খেলা দিতে মোরে
লাগাইয়া মায়ার ফাঁসি ভড়াইলে আমারে রে
ও বন্ধু সময়ে নি পাইমু তোমারে॥
বন্ধুও, কোন দেশে রইলারে বন্ধু সদায় মন জুরে
কান্দিয়া জনম গেল, না পাইলাম তোমারে রে
ও বন্ধু সময়ে নি পাইমু তোমারে॥
বন্ধুও, জন্মিয়া না মৈলে রে বন্ধু মজুদ সংসারে
কেমনে পরের জ্বালা বুঝিবে অন্তরে রে
ও বন্ধু সময়ে নি পাইমু তোমারে॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৪৯