বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার
পাঠ ও পাঠভেদ:
এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার —
আমার এই মলিন অহঙ্কার॥
দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হল দাগি,
এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার
আমার এই মলিন অহঙ্কার ॥
এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে
—
হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে।
স্নান ক’রে আয় এখন তবে প্রেমের বসন পরতে হবে,
সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার।
ওরে আয়, সময় নেই যে আর ॥