বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
 তোমায় কিছু দেব ব'লে চায় যে আমার মন,

পাঠ ও পাঠভেদ:

তোমায় কিছু দেব ব'লে চায় যে আমার মন,

নাই-বা তোমার থাকল প্রয়োজন॥

যখন তোমার পেলেম দেখা,  অন্ধকারে একা একা

ফিরতেছিলে বিজন গভীর বন।

ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে,

নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥

দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি,

গায়ে তোমার ছড়ায় ধুলাবালি।

অপমানের পথের মাঝে  তোমার বীণা নিত্য বাজে

আপন-সুরে-আপনি-নিমগন।

ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে,

নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥

দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব—

নানা ভাষায় নানান কলরব।

ভিক্ষা লাগি তোমার দ্বারে  আঘাত করে বারে বারে

কত-যে শাপ, কত-যে ক্রন্দন।

ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে,

নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥