বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে
পাঠ ও পাঠভেদ:

          পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে—

আছে            অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পূরে ॥

          সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই,

          ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই—

          বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে।

          হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে ॥

বারে বারে চাইব না আর মিথ্যা টানে

ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে।

বাসা বাঁধার বাধঁনখানা যাক-না টুটে,

অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে।

শূন্য-ভরা তোমার বাঁশি সুরে সুরে

হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে ॥