বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : গাফিলে বসিয়া রইলে ঘরে রে
গান সংখ্যাঃ ৪০
গাফিলে বসিয়া রইলে ঘরে রে সুজন নাইয়া
ও নাইয়া, তোমার নৌকা ঠেকিবে বালুচরে।
ঠেকিলে বালুচরে শমনে বান্ধিবে তোরে রে॥
মাঝি ভাই চৌদ্দ পোয়া নাওখানা
তোমার আজব এক কারখানা॥
সারি সারি গোড়া নায়ে জাজ্ঘায় রাখে টানা
মাঝি ভাই ঠিক রাখিবা তোর হাইলের কাঁটা
ধরিও ভবে পাড়ি॥
মন বাতাসে ঢেউ উঠিলে শীঘ্র লইও খাড়ি
মাঝি ভাই ঐ দেখো ত্রিপিনি ঘাট, তার তিন দিকে তিন দ্বার
গাফিলে ফেলিয়া নাও লুটিবে তোমায়
মাঝি ভাই অধীন শেখ ভানু বলে নায়ে মারল ভাটি॥
লাভে মূলে হবে তল, না ধরিলে হার কাটি।১
পর্যায়
- বিষয়াঙ্গ : সাধনা
- সুরাঙ্গ : তথ্য পাওয়া যায়নি
তথ্যসূত্র
- ১. বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৫৬