বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনা: আল্লা আল্লা বলো ভাই যত মুমিনান
গান সংখ্যা: ১৯
আল্লা আল্লা বলো ভাই যত মুমিনান
তোরা এচা লিখি আমি কান্দনের বয়ান
কান্দনের হালত তোরা শোনো ভাইজান
একখানে খেলা করে দুটি সন্তান॥
এর মধ্যে এক লাড়কা কান্দিয়া উঠিলে
আসিয়া তাহার মাতা তুলে লইবে কোলে॥
চক্ষু দুটি তার মাতা দিবে পুছাইয়া
দুধ পিলাইবে তারে কোলে উঠাইয়া॥
যে পুলা না কান্দিবে থাকিবে খেলায় ভুলিয়া
দুগ্ধ না দিবে মাতা তারে কোলে লইয়া॥
আয় ভাই মুমিন সব হুঁশ করো দিলে
ভবের খেলায় দিন গেল পড়িয়া
গাফিলে॥
পিতা-মাতা,স্ত্রী-পুত্র,ভাই-বেরাদর
কেহই না যাইবে সঙ্গে তোমার কবরের ভিতর॥
মরিলে যে কান্দে লোকে শুনো তার হাল
ভবের ভাবিক হইয়া করিবে খেয়াল॥
স্ত্রী বলে কোথা গেলা পরম আমার
কে দিবে ঢাকাই শাড়ি অঙ্গের অলংকার॥
সে কথা করিয়া মনে করিবে কান্দন
শয়ন ঘরেতে কেবা করিবে শয়ন॥
পুতে কান্দন করে সুর কইরে গলা
কে দিবে আনিয়া মোরে আম কাঁঠাল কলা॥
ভাই কান্দে কে হবে দুঃখ সুখের সাথি
সোয়ারীর ঘোড়া গেলো কান্দবে তোমার নাতি॥
ওহে আল্লাহ পরোয়ার কাদির সোবহান
কান্দিলে নি দয়া হবে হাশরের ময়দান॥
দয়া যদি নাহি করো ওহে দয়াময়
কান্দিয়া আরশ আমি লড়াইমু নিশ্চয়॥
এ বিনে অধম ভানু না জানে সাধন
দয়া কইরা শুনো এই অধমের কান্দন॥
পর্যায়
- বিষয়াঙ্গ: হামদ। প্রার্ধনা
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৩৫