অজুদ
বানান বিশ্লেষণ: অ+জ্+উ+দ+অ
উচ্চারণ: o.zud (ও.জুদ)
শব্দ উৎস: আরবী উজূদ্ (وجود)>বাংলা ওজুদ
পদ: সমুচ্চয়ী অব্যয়
অর্থ:

১. দেহ, সত্ত্বা

ক) মনা ভাই, আব, আতশ, খাক, বাদ, অজুদ তোমার
চাইরের সঙ্গে এক দিয়া যোগ মিশাইও তারে॥
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ২০]

খ) হার অজুদ হুকমি রাখে, আপনি কৌশলে থাকে।
শ্রেণী ভেদ না বুঝিলে, রবে জিন্দিকের ভাগে॥
[দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:২১]

গ) ত্রিশ হরফে অজুদ পয়দা, কোন হরফে আছে খোদা।
আহম্মদ ছুরত নামাজ চার হরফে পাই॥
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, ফেব্রুয়ারী ২০১৪, মাতৃভূমি প্রকাশনী, ১১/১ ইসলামী টাওয়ার দ্বিতীয় তলা, বাংলাবাজার, ঢাকা ১১০০: পৃষ্ঠা ৯২]

ঘ) জাহের নাই বেদকোরাণে আছে সে অজুদ ভজনে।
ঐক্য হলে মনেপ্রাণে নাম যার নবী কয়॥
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৯]

সমার্থক শব্দাবলি: শরীর, কায়া, তনু, উপস্থিতি, সত্ত্বা, অস্তিত্ব

তথ্যসূত্র: