বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।
পাঠ ও পাঠভেদ:

এবার    নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।

তার      হৃদয়বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে ॥ 

   নিশীথরাতের নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে,

         যে তান দিয়ে অবাক্ কর গ্রহশশীরে॥

যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে

গানের টানে মিলুক এসে তোমার চরণে।

বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি—

        একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে ॥